কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল যেমনই হোক তা মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা-১৩ আসনের প্রার্থী ও খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।
বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মামুনুল হক জানান, এখন পর্যন্ত তিনি পরিবেশে বড় কোনো সমস্যা দেখেননি এবং ভোটার উপস্থিতিও ধীরে ধীরে বাড়ছে। তিনি বলেন, “এখন পর্যন্ত যতটুকু দেখেছি পরিবেশের কোনো সমস্যা দেখিনি। ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। খুব বেশি না, মোটামুটি। কিছু মানুষ ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে।”
ফলাফল মেনে নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “(যদি) কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো কৃত্রিম সংকট তৈরি করা না হয়, স্বাভাবিক প্রক্রিয়ায় যদি নির্বাচন হয় এবং সাধারণ ভোটাররা যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে ফলাফল যাই হোক সেটা মেনে নেব।”
রাতভর সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো এবং বিভিন্ন জায়গায় অনিয়মের খবর আসার প্রসঙ্গ টেনে মামুনুল হক বলেন, ঢাকা-১৩ আসনেও রাতে কিছু কেন্দ্রে অনিয়ম ও সন্দেহজনক আচরণের তথ্য তারা পেয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে যাচাই করার সুযোগ হয়নি বলে জানান তিনি। তার ভাষ্য, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।