শেরপুর-৩ আসনে ভোট হচ্ছে না আজ

0
33
শেরপুর-৩ আসনে ভোট হচ্ছে না আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সারাদেশে ভোটের আমেজ বিরাজ করলেও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে অনুষ্ঠিত হচ্ছে না ভোটগ্রহণ। প্রতিদ্বন্দ্বী এক বৈধ প্রার্থীর মৃত্যুর ঘটনায় এ আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ফলে নির্ধারিত দিনে এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না। পরবর্তীতে নতুন করে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কোনো সংসদীয় আসনে ভোটগ্রহণের আগে কোনো বৈধ প্রার্থী মারা গেলে আইন অনুযায়ী সেই আসনের নির্বাচন স্থগিত বা বাতিল করার বিধান রয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী কার্যক্রম বাতিল করবেন এবং পরবর্তীতে নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করবে।

নতুন তফসিল ঘোষণার পর পূর্বে বৈধ ঘোষিত প্রার্থীদের নতুন করে মনোনয়নপত্র জমা দেওয়া বা জামানত প্রদান করার প্রয়োজন হবে না। তবে এ সময় নতুন কোনো যোগ্য ব্যক্তি চাইলে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।