ঝিনাইদহ-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে পাওয়া ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, আসনটিতে মোট ১১৭টি ভোটকেন্দ্রের সবকটির ফল গণনা সম্পন্ন হয়েছে। এতে মো. আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু সালেহ মো. মতিয়ার রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।
ফলে ধানের শীষের প্রার্থী আসাদুজ্জামান ১ লাখ ১৬ হাজার ২১ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোটগ্রহণ স্থগিত থাকায় দেশের বাকি ২৯৯টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এসব আসনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। এর মধ্যে পুরুষ ভোটার ছিলেন ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন।
সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে অনুষ্ঠিত এই নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নেয়। মোট ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন ছিলেন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী।