তিন আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে ইসি

0
30
তিন আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ও গণনা সম্পন্ন হলেও তিনটি সংসদীয় আসনের ফলাফল আপাতত ঘোষণা করা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট আসনগুলো হলো— শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪। এসব আসনে বিজয়ী প্রার্থীদের বিরুদ্ধে চলমান মামলার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ বিষয়ে নির্বাচন কমিশন পৃথক তিনটি চিঠি জারি করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের অবহিত করে।

ইসি জানায়, চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর বিষয়ে আপিল বিভাগে দায়ের করা একটি মামলার (সিপিএলএ নং ৪৪১/২০২৬) আদেশ অনুযায়ী তিনি নির্বাচনে অংশ নিতে পারলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফল প্রকাশে আইনগত বাধ্যবাধকতা রয়েছে। সে কারণে ফলাফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে চট্টগ্রাম-২ আসনের ক্ষেত্রেও। এ আসনের প্রার্থী সরোয়ার আলমগীরের বিরুদ্ধে দায়ের করা সিপিএলএ নং ৪৪০/২০২৬ মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনী ফল প্রকাশ স্থগিত থাকবে বলে ইসি চিঠিতে উল্লেখ করেছে।

অন্যদিকে শেরপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর বিষয়ে ইসি জানিয়েছে, আপিল বিভাগের আদেশ অনুযায়ী তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেও মামলার চূড়ান্ত রায়ের ওপরই তার নির্বাচনের ফলাফল নির্ভর করবে। সে কারণে আপাতত এ আসনের ফল ঘোষণাও স্থগিত রাখা হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এই তিনটি আসনেই বেসরকারিভাবে বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তবে সংশ্লিষ্ট মামলাগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে না।