নির্বাচনে নিরঙ্কুশ জয়: তারেক রহমানকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অভিনন্দন

0
20
নির্বাচনে নিরঙ্কুশ জয়: তারেক রহমানকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বড় ব্যবধানে বিজয় অর্জন করায় তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের দেওয়া এই রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে তারেক রহমান তার প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনকল্যাণমুখী চেতনার ভিত্তিতে দেশকে স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নেবেন বলে তিনি বিশ্বাস করেন। একই সঙ্গে তিনি স্মরণ করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথা। তিনি আশা প্রকাশ করেন, তাদের আদর্শ ও কর্ম ভবিষ্যৎ পথচলায় তারেক রহমানকে অনুপ্রাণিত ও পথ দেখাবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন বৈশ্বিক পরিমণ্ডলে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে রয়েছে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণের ক্ষেত্রে সমন্বিত মেধা, মননশীলতা ও প্রজ্ঞার প্রয়োগ অত্যন্ত জরুরি। তিনি প্রত্যাশা করেন, তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য আরও দৃঢ় হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনকালে সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, পরিবর্তনের সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, সহনশীলতা প্রদর্শন এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার ক্ষেত্রে তার ইতিবাচক অবস্থান জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শেষে তিনি দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারেক রহমানের সব উদ্যোগ সফল হওয়ার কামনা করেন। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যাতে দেশ ও জাতির সেবায় তারেক রহমানকে প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা দান করা হয়।