‘মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই, অন্ধকার সময়ে ফিরতে চাই না’—জামায়াত আমির

0
11
‘মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই, অন্ধকার সময়ে ফিরতে চাই না’—জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই, আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না।”

বৃহস্পতিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে জামায়াত আমির বলেন, “মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই। ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান সরকারি দল ও আমরা—উভয় পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না।”

তিনি আরও বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্নমত দমন নয়—স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি।”

এর আগে ডাকসু ভিপি সাদিক কায়েম দেশের গণমাধ্যমের জন্য আজকে একটি “কালো দিন” বলে মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমডি ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ এবং এখন টেলিভিশনের চারজন সাংবাদিককে “জোরপূর্বক চাকরিচ্যুত” করার ষড়যন্ত্র করা হয়েছে।

সাদিক কায়েম বলেন, “বাংলাদেশের গণমাধ্যমের জন্য আজ একটি কালো দিন। আজ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর এমডি ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, এখন টেলিভিশনের মাহমুদ রাকিব, মুজাহিদ শুভ, মো. বেলায়েত হোসেন, মোহাম্মদ আজহারুজ্জামান—মোট পাঁচজন সাংবাদিককে ‘জোরপূর্বক চাকরিচ্যুত’ করার ষড়যন্ত্র করা হয়েছে।” তিনি আরও বলেন, ঘটনার পরিক্রমায় যতদূর জেনেছেন, কারও ক্ষেত্রে জোর করে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে, আবার কাউকে অফিস প্রাঙ্গনে ঢুকতেও দেওয়া হয়নি।