রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

0
29
রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য দেশে পর্যাপ্ত খাদ্যপণ্যের মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখা বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব এবং রমজান মাসে এই দায়িত্বের গুরুত্ব আরও বেড়ে যায়। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর রোজার আগে বিশেষ কিছু করার সুযোগ না থাকলেও হাতে থাকা খাদ্যের মজুত বাজারমূল্য স্থিতিশীল রাখতে যথেষ্ট।

সিলেটের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দীর্ঘ নির্বাচনী প্রচারণা ও ইশতেহারে সিলেটের উন্নয়নের কথা তুলে ধরা হয়েছে। সিলেটবাসীর জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বিষয়গুলো বাস্তবায়নে কাজ করতে চান তিনি। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, আইটি সংশ্লিষ্ট পেশার প্রসার এবং একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পার্শ্ববর্তী দেশগুলো বড় বড় ডিজিটাল কর্মসূচি গ্রহণ করেছে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এআই প্রশিক্ষণ দিচ্ছে। বাংলাদেশ পিছিয়ে থাকলে বিশ্বের কাছে পিছিয়ে পড়া দেশ হিসেবেই বিবেচিত হবে। তাই বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করা জরুরি। তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে প্রতিটি দিন কাজে লাগিয়ে বাংলাদেশকে বৈশ্বিক অবস্থানে এগিয়ে নিতে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করবে।

এ সময় সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ অনেকে উপস্থিত ছিলেন।