মাতৃভাষা দিবসে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

0
27
মাতৃভাষা দিবসে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ সব দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন জানান, ২১ ফেব্রুয়ারি (শনিবার) সরকারি ছুটি থাকায় বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ থাকবে। ওই দিন ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করবে না, পণ্য লোড-আনলোড কার্যক্রম স্থগিত থাকবে এবং আমদানিকৃত পণ্যের শুল্কায়নসহ সব বাণিজ্যিক কাজ বন্ধ থাকবে। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, ২২ ফেব্রুয়ারি (রবিবার) সকাল থেকে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পূর্বের নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। চেকপোস্টের অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জানান, সরকারি ছুটি সত্ত্বেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বরাবরের মতোই চলবে এবং এতে কোনো বিঘ্ন ঘটবে না।