ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দুর্নীতি ও ধর্মান্ধতাকে প্রতিহত করে একুশের চেতনা প্রতিষ্ঠা করতে হবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি একুশের চেতনার সম্পূর্ণ পরিপন্থি। বাংলাদেশের সব মানুষের সমান অধিকারবিরোধী যত শক্তি রয়েছে, সেগুলোকে প্রতিহত করাই একুশের চেতনার মূল কথা। বিশেষ করে নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, আদিবাসী, প্রতিবন্ধীসহ সব প্রান্তিক জনগোষ্ঠীর সমান অধিকার নিয়ে জীবনযাপনের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে এবং এই অধিকারের পরিপন্থি শক্তিকে রুখে দিতে হবে।
টিআইবির নামকরণ বাংলায় রাখার প্রসঙ্গে তিনি বলেন, টিআইবি একটি আন্তর্জাতিক সংস্থা এবং এই নামেই এটি প্রতিষ্ঠিত। তিনি বলেন, ভাষা আন্দোলনের অর্থ এই ছিল না যে অন্য সব ভাষা বর্জন করতে হবে বা অন্য ভাষার গুরুত্ব নেই। এটি কখনো শহীদদের চেতনার মধ্যে ছিল না। বাংলাদেশেও বাংলা ছাড়া আরও অনেক ভাষা রয়েছে।
তিনি আরও বলেন, আজ যখন ভাষার অধিকারের কথা বলা হয়, তখন তা কেবল বাংলা ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকার কোনো কারণ নেই। ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ধারণাটির মূল অর্থই হচ্ছে প্রত্যেক মানুষের নিজস্ব মাতৃভাষা চর্চার সমান অধিকার নিশ্চিত করা।
ড. ইফতেখারুজ্জামান বলেন, সব মানুষের সমান অধিকার ও নির্বিঘ্নে ভাষা চর্চার পথে যেসব অন্তরায় রয়েছে, সেগুলো চিহ্নিত করা জরুরি। আর এই পথের অন্যতম প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি এবং ধর্মান্ধতা।