মন্ত্রণালয়সহ সামগ্রিক শিক্ষা খাতকে দুর্নীতিমুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, ‘আমরা শপথ নিয়েছি দুর্নীতি করব না, করতেও দেব না।’ রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতারা তাঁদের দীর্ঘদিনের বেশ কিছু দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—জাতীয় শিক্ষাক্রম (কারিকুলাম) পরিবর্তন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, অবসরকালীন সুবিধা বৃদ্ধি এবং কল্যাণ ট্রাস্টের কার্যক্রম গতিশীল করা।
শিক্ষামন্ত্রী শিক্ষকদের এসব দাবি পূরণের আশ্বাস দিয়ে বলেন, ‘সকল দাবি নিয়ে ইতোমধ্যে সরকার কাজ শুরু করেছে। শিক্ষকদের দাবি পূরণের পাশাপাশি শিক্ষা খাতকেও দুর্নীতিমুক্ত করা হবে।’
বৈঠকে উপস্থিত শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘শিক্ষা খাতে এমনভাবে নীতিগত পরিবর্তন আনা হবে, যাতে প্রতি পাঁচ বছর পর পর শিক্ষকদের একই দাবি নিয়ে মন্ত্রণালয়ে ছুটে আসতে না হয়।’ তিনি আরও জানান, শিক্ষকদের সমস্যাগুলোর স্থায়ী সমাধানে কাঠামোগত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা চাকরি জাতীয়করণ, বেতন বৈষম্য নিরসন ও অবসর সুবিধাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন। নতুন সরকারের কাছে তাঁদের এসব দাবি জোরালোভাবে উপস্থাপনের পর শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়ের ইতিবাচক সাড়া শিক্ষক সমাজে আশার সঞ্চার করেছে বলে জানিয়েছেন ঐক্যজোটের নেতারা।