স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ইস্যুতে ইসির বক্তব্য ‘বিভ্রান্তিকর’: আসিফ মাহমুদ

0
21
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ইস্যুতে ইসির বক্তব্য ‘বিভ্রান্তিকর’: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্যকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার (২২ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হবে কি না, তা নির্ভর করছে জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর। বর্তমানে সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে উল্লেখ করে তিনি বলেন, দলীয় প্রতীকের বিধান বহাল থাকবে কি না—সেটি মূলত তাদের সিদ্ধান্তের বিষয়।

এ প্রসঙ্গে আসিফ মাহমুদ তার পোস্টে দাবি করেন, সিটি করপোরেশনসহ যেকোনো স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। উপদেষ্টা থাকাকালে সংস্কার কমিশনের প্রস্তাবনার ভিত্তিতে প্রয়োজনীয় আইন সংশোধন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, দলীয় প্রতীক ও মনোনয়ন ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া যাবে।

তিনি আরও লেখেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য বিভ্রান্তিকর। রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার ভিত্তিতেই এ সংস্কার কার্যকর করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইন ভালোভাবে অধ্যয়ন করে মন্তব্য করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।