গাইবান্ধার সাদুল্লাপুরে কার্গো–ইজিবাইক সংঘর্ষে নিহত ২, আহত ৫

0
11
গাইবান্ধার সাদুল্লাপুরে কার্গো–ইজিবাইক সংঘর্ষে নিহত ২, আহত ৫

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কার্গো ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের শাহানা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইজিবাইক চালক আল আমিন (২৮) ও যাত্রী দীপ গৌতম চন্দ্র (৬৫)। আল আমিন উপজেলার জামালপুর ইউনিয়নের তরফবাজিত গ্রামের বেলাল মিয়ার ছেলে এবং দীপ গৌতম গাইবান্ধা শহরের পূর্বপাড়ার নারায়নের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাটারিচালিত ইজিবাইকটিতে দুই নারীসহ সাতজন যাত্রী সাদুল্লাপুরের দিকে যাচ্ছিলেন। শাহানা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি সিএনজি পেছন থেকে ওভারটেক করে। এ সময় বিপরীত দিক থেকে আসা গাইবান্ধামুখী একটি কার্গোর সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। অন্তত পাঁচজন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে অজ্ঞাত এক নারী (৩০) ও মধু ফকির (৫৫) নামের দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অপর আহতরা হলেন শরিফুল ইসলাম (২৮), ফারুক মিয়া (৪৬) ও তার স্ত্রী বিউটি বেগম (২৮)। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্ট মোর্শেদুল ইসলাম জানান, আহত পাঁচজনের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত কার্গো ও ইজিবাইক জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। সংশ্লিষ্ট কার্গোটি PRAN-RFL গ্রুপের বলে জানা গেছে।