টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে দিনের একমাত্র ম্যাচটি ছিল স্বাগতিক শ্রীলঙ্কার জন্য বাঁচা-মরার লড়াই। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে কিউইদের বিপক্ষে দাঁড়াতেই পারল না তারা। মিচেল স্যান্টনারের ঝোড়ো ব্যাটিং ও রাচিন রবীন্দ্রর ঘূর্ণিতে ৬১ রানের বড় জয় তুলে নিয়ে নিউজিল্যান্ড নিশ্চিত করল শ্রীলঙ্কার বিদায়। একই সঙ্গে সুপার এইটে নিজেদের অবস্থানও মজবুত করেছে স্যান্টনারের দল।
এই জয়ে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে নিউজিল্যান্ড। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। এক পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তান। আর টানা দুই হারে তলানিতে থেকে বিশ্বকাপ মিশন শেষ হলো শ্রীলঙ্কার।
কলম্বোয় টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। শুরুতেই আক্রমণাত্মক ইঙ্গিত দেন ফিল অ্যালেন, তবে চতুর্থ ওভারে মহেশ থিকসানার বলে ১৩ বলে ২৩ রান করে ফেরেন তিনি। অপর ওপেনার টিম সেইফার্টও বেশিক্ষণ টিকতে পারেননি, করেন মাত্র ৮ রান।
তৃতীয় উইকেটে রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস ৪৩ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। রাচিন করেন ৩২ ও ফিলিপস ১৮ রান। তবে মাঝের ওভারগুলোতে রান তোলায় ভাটা পড়ে কিউইদের। ড্যারিল মিচেল ৩ ও মার্ক চ্যাপম্যান শূন্য রানে আউট হলে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড।
শেষ চার ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোল ম্যাককঞ্চি। দুজনের ৮৪ রানের দুর্দান্ত জুটিতে লড়াকু সংগ্রহ পায় কিউইরা। স্যান্টনার মাত্র ২৬ বলে দুই চার ও চার ছক্কায় ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। ম্যাককঞ্চি ২৩ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ড তোলে ১৬৮ রান।
শ্রীলঙ্কার হয়ে মহেশ থিকসানা ও দুশমান্থা চামিরা তিনটি করে উইকেট নেন, আর একটি উইকেট পান দুনিথ ভেল্লালাগে।
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। প্রথম বলেই পাথুম নিশাঙ্কাকে শূন্য রানে ফেরান ম্যাট হেনরি। পরে চারিথ আসালাঙ্কাও ৫ রান করে তার শিকার হন। পাওয়ার প্লেতেই চাপে পড়ে যায় লঙ্কানরা।
এরপর রাচিন রবীন্দ্র তার স্পিন জাদুতে ম্যাচ একতরফা করে দেন। একে একে ফেরান কুশল মেন্ডিস (১১), পাভান রত্নায়েক (১০), দাসুন শানাকা (৩) ও দুসান হেমন্তকে (৩)। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই রাচিনের সেরা বোলিং ফিগার; তিনি একাই নেন চার উইকেট।
কামিন্দু মেন্ডিস ২৩ বলে ৩১ রান করে কিছুটা লড়াইয়ের আভাস দিলেও সেটি যথেষ্ট ছিল না। দুনিথ ভেল্লালাগে করেন ২৯ রান। চামিরা ৭ ও থিকসানা ২ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৭ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস।
ম্যাট হেনরি নেন দুটি উইকেট। দাপুটে এই জয়ে নিউজিল্যান্ড সুপার এইটে নিজেদের অবস্থান আরও শক্ত করল, আর স্বপ্নভঙ্গ হলো স্বাগতিক শ্রীলঙ্কার।