সীমান্ত সংঘর্ষে পাকিস্তানের বিমান হামলা, ‘সরাসরি যুদ্ধ’ ঘোষণা ইসলামাবাদের

0
20
সীমান্ত সংঘর্ষে পাকিস্তানের বিমান হামলা, ‘সরাসরি যুদ্ধ’ ঘোষণা ইসলামাবাদের

সীমান্তে পাকিস্তানি সামরিক অবস্থানের ওপর আফগান বাহিনীর হামলার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর প্রতিক্রিয়ায় আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। পরিস্থিতিকে ‘সরাসরি যুদ্ধ’ হিসেবে উল্লেখ করে কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।

কাবুল থেকে আল জাজিরার প্রতিনিধি নাসের শাদিদ শুক্রবার ভোরে জানান, স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে আফগান রাজধানীতে প্রথম বিমান হামলা চালানো হয়। অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয় দফায় বোমা বর্ষণ করা হয়। প্রথম হামলার পরই আফগান বিমানবিধ্বংসী কামান থেকে পাল্টা গুলি ছোড়া শুরু হয় এবং দ্বিতীয় দফার হামলার পরও তা চলতে থাকে।

আফগান সরকারের একটি সূত্র কাবুলে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে জানা গেছে, পাকিস্তানি যুদ্ধবিমান দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আফগান তালেবান সরকারের বিরুদ্ধে ‘সরাসরি যুদ্ধের’ ঘোষণা দেন। তিনি লিখেছেন, “সরাসরি এবং বন্ধু রাষ্ট্রগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পাকিস্তান সব রকম চেষ্টা করেছিল। পূর্ণাঙ্গ কূটনৈতিক তৎপরতাও চালানো হয়েছে।” তবে আফগান বাহিনীর হামলায় পাকিস্তানি সেনা হতাহত হওয়ার পর ইসলামাবাদের ধৈর্যের সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, “আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন তোমাদের ও আমাদের মধ্যে যুদ্ধ শুরু হলো।”

এর আগে একাধিক প্রাণঘাতী সংঘর্ষের পর গত অক্টোবরে দুই পক্ষ একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে এরপরও সীমান্তে বিচ্ছিন্ন সংঘর্ষ অব্যাহত ছিল। সর্বশেষ হামলা ও পাল্টা হামলার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here