নরসিংদীর ঘটনার বিচার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

0
18
নরসিংদীর ঘটনার বিচার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

নরসিংদীসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ ও নারীর ওপর সহিংসতার বিচারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে গিয়ে সমাবেশে রূপ নেয়।

মিছিলে শিক্ষার্থীরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, ধর্ষকদের এ দেশে কোনো ঠাঁই হতে পারে না এবং প্রশাসনকে এ বিষয়ে জবাবদিহির আওতায় আনতে হবে। বিক্ষোভে শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া, ছাত্র আন্দোলন ইবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নিয়ামতুল্লাহ ফারিস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব বাঁধন বিশ্বাসসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রায় দুই সপ্তাহ আগে নরসিংদীতে এক কিশোরী ধর্ষণের শিকার হওয়ার পর বিচার প্রক্রিয়ায় গড়িমসি করা হয়েছে। তারা দাবি করেন, ঘটনার প্রতিবাদ অব্যাহত রাখায় ওই কিশোরীকে পরবর্তীতে পুনরায় নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, অপরাধীরা রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় পাচ্ছে কি না, তা খতিয়ে দেখা উচিত। যদি কোনো রাজনৈতিক শক্তি ধর্ষকদের রক্ষা করার চেষ্টা করে, তবে জনগণ তার জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া তার বক্তব্যে বলেন, দেশে ধর্ষণ ও সহিংসতার ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে ব্যর্থতার সংস্কৃতি দীর্ঘদিন ধরে চলছে। তিনি বর্তমান সরকারকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং রাজনৈতিক ছত্রচ্ছায়ায় কেউ অপরাধ করলে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি করেন।

উল্লেখ্য, প্রায় ১৫ দিন আগে নরসিংদীতে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে একই চক্র তাকে আবারও অপহরণ করে নির্যাতনের পর হত্যা করেছে বলে স্থানীয়রা দাবি করেন। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here