হোসেনপুরে তারাবির সময় বাড়িতে হামলা, নারী-শিশুসহ আহত ৮

0
19
হোসেনপুরে তারাবির সময় বাড়িতে হামলা, নারী-শিশুসহ আহত ৮

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর এলাকায় তারাবির নামাজের সময় একটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার শিকার ইলিয়াস (৬০) জানান, বিকেলে জমিতে সার দেওয়া নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামান কিরনের পরিবারের সঙ্গে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে রাতে তারাবির সময় কিরন দলবল নিয়ে ফকির বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। হামলাকারীরা কয়েকটি ঘর ও একটি দোকানে ভাঙচুর চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে।

হামলায় রেখা আক্তার (৩৮) নামে এক গৃহবধূ গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। এছাড়া ইটের আঘাতে শিশু ও নারীসহ আরও কয়েকজন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির লোকজন তারাবির নামাজে থাকায় সেই সুযোগে হামলা চালানো হয়। গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতের নেতা আজিজুল ইসলাম দাবি করেন, দুই হাতবিহীন প্রতিবন্ধী রিটন (৪৮)-এর একটি ছোট দোকানও ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। তিনি জানান, একটি দাতা সংস্থার সহায়তায় দোকানটি চালু হয়েছিল, যা দিয়ে পরিবারটি জীবিকা নির্বাহ করছিল।

অভিযোগের বিষয়ে আসাদুজ্জামান কিরনের পরিবারের পক্ষ থেকে তানজিনা (১৯) এসব ঘটনা অস্বীকার করে বলেন, বরং তাদের ওপরই হামলা হয়েছে। একই বাড়ির রেহেনা (২৫) সাংবাদিকদের কাছে কোনো তথ্য দিতে অনাগ্রহ প্রকাশ করেন।

খবর পেয়ে স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে সহমর্মিতা প্রকাশ করেছেন। রাতে পুলিশের এসআই বিজয় হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। হোসেনপুর থানার ওসি (তদন্ত) লিমন বোস বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here