ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম গতিশীল করতে চিফ হুইপ ও ৬ জন হুইপ নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। ১৯৭২ সালের ‘দ্য বাংলাদেশ (হুইপস) অর্ডার’ অনুযায়ী এই নিয়োগ প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নূরুল ইসলামকে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিযুক্ত করা হয়েছে। একই সাথে সংসদের শৃঙ্খলা ও কার্যপরিচালনায় সহায়তার জন্য আরও ৬ জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
হুইপ হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন— হবিগঞ্জ-৩ আসনের আলহাজ্ব মো. জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।