চট্টগ্রামে সিএমপির অভিযানে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

0
19
চট্টগ্রামে সিএমপির অভিযানে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে দেশি-বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও ইয়াবাসহ মোহাম্মদ ইসতিয়াক হাসান ইমন (২৬) ও মো. জসিম (৩৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোররাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় অভিযান চালানো হয়।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী জানান, আলোচিত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারীরা চালিতাতলী বাজার এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আমিন উল্লাহ হাজি বাড়ির একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়।

অভিযানে বাসা থেকে দুটি বিদেশি পিস্তল, একটি বিদেশি এসএমজি (ম্যাগাজিনসহ), একটি দেশীয় পাইপগান, তিনটি পিস্তলের ম্যাগাজিন, ৪৫৫ রাউন্ড তাজা পিস্তলের গুলি, ১৪টি শর্টগানের কার্তুজ, একটি খালি কার্তুজ, একটি চাপাতি, একটি রামদা, তিনটি ছোরা ও একটি কাঁচি উদ্ধার করা হয়।

এ ছাড়া ৮৮০টি ইয়াবা ট্যাবলেট, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক, দুটি বডি ওর্ন ক্যামেরা, একটি ব্যাটারি চার্জার, একটি অস্ত্রের কিট বক্স, দুটি স্প্রে কিট, একটি লোহার বেসবল ব্যাট, একটি ড্রিল মেশিন, দুটি পলিথিন সিল মেশিন, একটি টুলবক্স ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

অভিযানের সময় সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দেওয়া হয়। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে দাবি করেন ওই কর্মকর্তা। পাল্টা গুলিতে দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়, তবে আরও কয়েকজন পালিয়ে গেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here