প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে এক হত্যাচেষ্টা মামলায় দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। একই মামলার অন্য তিন আসামি—রিয়াদুল হাওলাদার, আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদারের রিমান্ড ও জামিন উভয় আবেদনই নামঞ্জুর করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে গুলশান থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং পরদিন কারাগারে পাঠায়। তদন্ত কর্মকর্তা এসআই আরমান আলী আসামিদের পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত আজ শুনানির দিন ধার্য করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলেও আদালত কেবল রাজ্জাকের ক্ষেত্রে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ৪১২ নম্বর কক্ষে সমাবর্তন সংক্রান্ত আলোচনার সময় রাজ্জাকের নির্দেশে নির্জন সরদার বাঁধন নামে এক শিক্ষার্থীর ওপর হামলা চালানো হয়। রাজ্জাক সুইচ গিয়ার চাকু দিয়ে নির্জনের নাকে আঘাত করে গুরুতর জখম করেন এবং অন্য আসামিরা তাকে চেয়ার দিয়ে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, রাজ্জাক এর আগে গত বছরের ২৬ জুলাই সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এবং সম্প্রতি জামিনে মুক্ত হয়ে পুনরায় এই মামলায় গ্রেপ্তার হলেন।