ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরান তাদের ২৫তম দফার হামলায় প্রথমবারের মতো অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসির একটি সংক্ষিপ্ত বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়েছে, আইআরজিসি সরাসরি মার্কিন সামরিক ঘাঁটি এবং বিভিন্ন সামরিক সহায়তা কেন্দ্র লক্ষ্য করে এই বড় ধরনের অভিযান পরিচালনা করে। এই হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ’ এবং শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘এমাদ’ ব্যবহার করা হয়েছে। এছাড়া বড় আকারের ড্রোন বহরও এই অভিযানে অংশ নেয়।
বিশেষজ্ঞদের মতে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার যুদ্ধের সমীকরণ বদলে দিতে পারে। এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে অন্তত পাঁচ গুণ বেশি গতিতে (ঘণ্টায় প্রায় ৬,১৭৪ কিলোমিটার) ছুটতে সক্ষম। এর অত্যধিক গতি এবং মাঝপথে দিক পরিবর্তনের ক্ষমতার কারণে প্রচলিত রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এটি শনাক্ত বা ধ্বংস করা অত্যন্ত কঠিন। ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনাকে এক নতুন ও ভয়াবহ পর্যায়ে নিয়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা।