দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল ঘোষণা

0
20
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ঘরের মাঠের এই সিরিজে অধিনায়কের দায়িত্বে অভিনব রোটেশন নীতি অনুসরণ করছে কিউইরা।

সিরিজের প্রথম তিন ম্যাচে দলের নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার, আর শেষ দুই ম্যাচে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন টেস্ট দলের নিয়মিত মুখ টম ল্যাথাম। আগামী ১৫ মার্চ মাউন্ট মঙ্গানুইতে শুরু হতে যাওয়া এই সিরিজ ঘিরে দলের পরিকল্পনায় বড় পরিবর্তন আনা হয়েছে।

মূলত ব্যস্ত আন্তর্জাতিক সূচি ও আসন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর কথা মাথায় রেখেই রোটেশন পদ্ধতিতে দল নির্বাচনের এই সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

ভারত ও শ্রীলংকায় সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ধকল কাটাতে স্যান্টনারসহ বেশ কিছু ক্রিকেটারকে সিরিজের বিভিন্ন পর্যায়ে বিশ্রাম দেওয়া হয়েছে। আগামী এপ্রিল-মে মাসে বাংলাদেশ সফর ছাড়াও আইপিএল, পিএসএল এবং পরবর্তীতে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরের মতো ঠাসা সূচি সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস ও বিশ্রাম নিশ্চিত করতেই বোর্ড এই পথে হেঁটেছে।

এই সিরিজের মধ্য দিয়ে প্রায় তিন বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরতে যাচ্ছেন টম ল্যাথাম। ঘরোয়া টুর্নামেন্ট সুপার স্ম্যাশ ও ফোর্ড ট্রফিতে ক্যান্টাবুরির হয়ে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবেই জাতীয় টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

অন্যদিকে, ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে দলের বাইরে রয়েছেন একাধিক তারকা। কাফ ইনজুরির পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় অফ স্পিনিং অলরাউন্ডার মিচেল ব্রেসওয়েল দলে নেই। এছাড়া ফাস্ট বোলার অ্যাডাম মিলনে, ব্লেয়ার টিকনার এবং উইল ও’রুর্ক ফিটনেসজনিত কারণে বাদ পড়েছেন। তবে চোট কাটিয়ে দলে ফিরেছেন ফাস্ট বোলার ন্যাথান স্মিথ এবং সিম-বোলিং অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন জিমি নিশাম ও জস ক্লার্কসন।

ঘোষিত স্কোয়াডে বিভিন্ন ম্যাচের জন্য খেলোয়াড়দের ভাগ করে দেওয়া হয়েছে। দলে রয়েছেন মিচেল স্যান্টনার, টম ল্যাথাম, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, কাইল জেমিসন, ইশ সোধি, জিমি নিশাম, কোল ম্যাককোঞ্চি, ন্যাথান স্মিথ, জস ক্লার্কসন, ডেন ক্লেভার, কাটেন ক্লার্ক, জ্যাক ফৌকস, বেভন জ্যাকবস, নিকি বেলি, জেইডেন লেন্স, টিম রবিনসন ও বেন সিয়ার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here