সৌদি আরবের রাজধানী রিয়াদ ও এর পূর্বাঞ্চলীয় এলাকায় আকাশপথে আসা ১৭টি ড্রোন ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। রোববার (১৫ মার্চ) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, অত্যন্ত সতর্কতার সাথে ড্রোনগুলোকে আকাশেই ধ্বংস করা হয়েছে। তবে ড্রোনগুলো কোন দেশ বা গোষ্ঠী থেকে ছোড়া হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ড্রোনের পাশাপাশি শনিবার সন্ধ্যায় আল-খার্জ গভর্নরেট অভিমুখে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও সফলভাবে প্রতিহত করা হয়েছে। এ ধরনের উপর্যুপরি হামলা সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতিকে চ্যালেঞ্জের মুখে ফেললেও দেশটির আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে এগুলো মোকাবিলা করতে সক্ষম হচ্ছে।
এদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার প্রভাবে পুরো অঞ্চলের সামরিক উত্তেজনা এখন চরমে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর থেকেই আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, উৎস নিশ্চিত না হলেও এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাগুলো বর্তমান ভূ-রাজনৈতিক সংঘাতের একটি ধারাবাহিক অংশ হতে পারে।
আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় সৌদি আরব বর্তমানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যোগাযোগ রক্ষা করছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যেকোনো ধরনের আক্রমণ ঠেকাতে কৌশলগত নজরদারি এবং সামরিক প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে।