মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে দিবাগত রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, বিকেল ৩টা থেকে রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, যশোর এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঝোড়ো আবহাওয়ার কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।