পাবনার সুজানগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ১০

0
23
পাবনার সুজানগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ১০

পাবনার সুজানগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম চায়না খাতুন (৪০), তিনি ওই গ্রামের শুকুর আলীর স্ত্রী। সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপ এবং মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের বিএনপি সমর্থক ইসলাম প্রামাণিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত রবিবার রাতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির জের ধরে সোমবার সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসলাম প্রামাণিক গ্রুপের অভিযোগ, তারা সকালে বাড়ির সামনে অবস্থানকালে রাজার নেতৃত্বে প্রতিপক্ষ গ্রুপটি অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই চায়না খাতুনের মৃত্যু হয় এবং অন্তত ১০ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত রাফিউল ইসলাম রাজা অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না এবং তাকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তবে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। হামলার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here