শরীয়তপুরের নড়িয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতা: ২০ বাড়িতে হামলা ও লুটপাট

0
19
শরীয়তপুরের নড়িয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতা: ২০ বাড়িতে হামলা ও লুটপাট

শরীয়তপুরের নড়িয়ায় জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থিত দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ এবং ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ মার্চ) ভোররাত থেকে শুরু হওয়া এই সহিংসতায় অন্তত ২০টি বসতবাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে এ পর্যন্ত ৬ জনকে আটক করেছে। বর্তমানে গ্রেফতার আতঙ্কে এলাকাটি পুরুষশূন্য হয়ে পড়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সংসদ নির্বাচনে নড়িয়ার রাজনগর জামেউল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্রে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এর জেরে গত রোববার বিকেলে সোহেল কাজী ও তার লোকজন বিএনপির সমর্থক সাব্বিরকে মারধর করে। এই ঘটনার প্রতিক্রিয়ায় সোমবার ভোরে উভয় পক্ষ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ভুক্তভোগী সারিকা বেগম ও চন্দ্রবান বেগম অভিযোগ করেন, নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করার কারণে জামায়াত সমর্থিত লোকজন তাদের বাড়িতে হামলা চালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করেছে।

অন্যদিকে, প্রতিপক্ষরা এই অভিযোগ অস্বীকার করেছেন। সংরক্ষিত আসনের নারী সদস্য হাসিনা আক্তার এবং শারমিন বেগম দাবি করেছেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং হাফিজ ভূঁইয়ার লোকজনই এলাকায় আগে থেকে নাশকতা চালিয়ে আসছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ককটেল বিস্ফোরণ ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here