রাজবাড়ী জেলার ফিলিং স্টেশনগুলোতে গত তিন দিন ধরে ডিজেল, পেট্রোল ও অকটেন সরবরাহ কার্যত বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও সাধারণ ভোক্তারা। সোমবার (২৩ মার্চ) সকালে জেলার বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায়, দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তেল না পেয়ে চালকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তেলের অভাবে অনেকের জরুরি কাজ ও স্বাভাবিক চলাচল স্থবির হয়ে পড়েছে।
অনুসন্ধানে জানা গেছে, রাজবাড়ী সদর, পাংশা, কালুখালী, গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলার ১০টি ফিলিং স্টেশনের অধিকাংশেরই মজুত বর্তমানে শূন্য। জেলা শহরের বড় পাম্পগুলোর প্রবেশমুখ বাঁশ ও দড়ি দিয়ে আটকে রাখা হয়েছে। বিশেষ করে পলাশ ফিলিং স্টেশন, রাজবাড়ী ফিলিং স্টেশন ও কাজী ফিলিং স্টেশনে তিন দিন ধরে কোনো তেল নেই। গোয়ালন্দ মোড়ের মেসার্স করিম ও সপ্তবর্ণা ফিলিং স্টেশনে সীমিত পর্যায়ে তেল থাকলেও যানবাহনের চাপে সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ভুক্তভোগী চালকদের অভিযোগ, সরকারি কোনো নিষেধাজ্ঞা না থাকলেও পাম্পগুলো ইচ্ছামতো তেল দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে মোটরসাইকেল প্রতি মাত্র ১০০ টাকার তেল দিয়ে ফিরিয়ে দিচ্ছে।
ফিলিং স্টেশন মালিকদের দাবি, ঈদের ছুটির কারণে তেলের ডিপো এবং ব্যাংক বন্ধ থাকায় তারা সময়মতো তেল উত্তোলন বা পে-অর্ডার করতে পারেননি। ফলে সাময়িকভাবে এই সংকট তৈরি হয়েছে। তবে ব্যাংক খুললে এবং ডিপো থেকে সরবরাহ শুরু হলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে তারা আশা প্রকাশ করছেন।
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. হাফিজুর রহমান জানান, ঈদের ছুটির কারণে গত দুদিন ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় এই সংকট দেখা দিয়েছে। তবে আজ থেকে ডিপো থেকে তেল সরবরাহ শুরু হয়েছে এবং বিকেলের মধ্যে সব পাম্পে তেল পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। জেলা প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।