রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠার সময় যাত্রী নিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। সঙ্গে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্ধার কাজে যোগ দিতে ঢাকা সদর দফতর ও ফরিদপুর থেকে আরও দুটি ডুবুরি ইউনিট যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, নদীর আনুমানিক ৩০ ফুট গভীরে তলিয়ে গেছে বাসটি। গোয়ালন্দ ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং আরিচা ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
বুধবার (২৫ মার্চ) বিকাল সোয়া ৫টার দিকে ৩ নম্বর পল্টুন থেকে রাজবাড়ী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। বাসটি যাত্রীতে পরিপূর্ণ ছিল।
ফায়ার সার্ভিস পানির নিচে বাসটি শনাক্ত করেছে। বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী যান হামজার সহযোগিতায় বাসটি উঠানোর চেষ্টা চলছে।