সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা কমাতে দেশের সব গণপরিবহনে জিপিএস ট্র্যাকিং সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) সচিবালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী বলেন, জিপিএস স্থাপন করা হলে প্রতিটি যানবাহনের গতি ও অবস্থান তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। বিশেষ করে মহাসড়কে কোনো যানবাহন ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি গতিতে চললে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, সড়ক নিরাপত্তা জোরদার ও দুর্ঘটনা কমানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্বল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক মানুষ রাজধানী ছাড়লেও সার্বিকভাবে যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক ছিল। তবে কয়েকটি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।
দুর্ঘটনার দায় নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো নির্দিষ্ট পক্ষকে দায়ী না করে প্রতিটি ঘটনার তদন্ত করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সন্তোষজনক জবাব না পেলে রুট পারমিট বাতিল করা হতে পারে।
সড়ক, নৌ ও রেলপথ মিলিয়ে সাম্প্রতিক সময়ে দুর্ঘটনায় প্রায় ১৭০ জন নিহত হয়েছেন বলে জানান তিনি। ভবিষ্যতে এ সংখ্যা কমিয়ে আনতে কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।