জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে সংসদে পার্থের কড়া সমালোচনা

0
17
জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে সংসদে পার্থের কড়া সমালোচনা

জামায়াতে ইসলামীর রাজনৈতিক নীতি পরিবর্তনের কড়া সমালোচনা করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, ইসলামের নামে দীর্ঘদিন রাজনীতি করার পর এখন এসে শরীয়া আইন না চাওয়ার কথা বলা ভোটের রাজনীতির অংশ।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে বিধি-৬২-এ আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

আলোচনায় ব্যারিস্টার পার্থ বলেন, ‘আপনারা সারাজীবন ইসলামের নামে রাজনীতি করলেন, এখন ভোটের প্রয়োজনে বলছেন শরীয়া আইন চান না। তাহলে সমস্যা কোথায়? আমরা ইতিবাচক ভালো কিছু নিয়ে আসব। আমরা সংবিধানকেও সম্মান করি, আবার জুলাই সনদকেও সম্মান করি। কিন্তু আপনাদের এই দ্বিমুখী অবস্থান কেন?’

সংস্কারের পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পার্থ বলেন, ‘আমাদের আপত্তি প্রক্রিয়া নিয়ে। আপনারা কোন প্রক্রিয়ায় কাজটি করতে চাচ্ছেন? তখন কেন বিপ্লবী সরকার গঠন করলেন না? ট্রানজিশনাল রেভুলেশনারি গভর্মেন্ট করলে আপনারা সংবিধান ছিঁড়ে ফেলে নতুন করে তৈরি করতে পারতেন। কিন্তু পুরোনো সংবিধানের ভেতর থেকেই সেই সংবিধানকে বাতিল করতে চাচ্ছেন—এটা আসলে হয় না।’

সংবিধান রক্ষার পক্ষে বক্তব্য দিয়ে তিনি বলেন, সংবিধান কেন ছুড়ে ফেলে দেওয়া হবে? প্রয়োজনে সংশোধন বা পরিবর্তন করা যেতে পারে, কিন্তু তা পুরোপুরি বাতিল করার প্রয়োজন নেই। তার ভাষায়, সংবিধানের প্রতিও সম্মান থাকা উচিত।

এ সময় তিনি আরও বলেন, ‘আপনারা কি মনে করছেন, এটি ৭১-এর পরাজয়ের দলিল, তাই এটাকে ছিঁড়ে ফেলতে চান?’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here