প্রশাসনের ‘হয়রানি’র প্রতিবাদে সিলেটে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি বিক্রি বন্ধ ঘোষণা

0
29
প্রশাসনের ‘হয়রানি’র প্রতিবাদে সিলেটে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি বিক্রি বন্ধ ঘোষণা

প্রশাসনের অযথা হয়রানির অভিযোগ তুলে সিলেটের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য তেল ও তরল গ্যাস (সিএনজি) বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছেন পাম্প মালিকরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১২টার দিকে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা জানায় মালিক সমিতি। আকস্মিক এই ধর্মঘটের কারণে পুরো সিলেট বিভাগজুড়ে তীব্র জ্বালানি সংকট ও পরিবহন খাতে বড় ধরনের অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন-এর সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সেক্রেটারি হুমায়ূন আহমেদ জানান, প্রশাসনের পক্ষ থেকে জরিমানার আড়ালে পাম্প মালিকরা নিয়মিত হয়রানি ও চাঁদাবাজির শিকার হচ্ছেন। এছাড়া দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যাগুলোও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চরমভাবে উপেক্ষা করে আসছে।

বারবার তাগিদ দেওয়ার পরও সমাধান না হওয়ায় বাধ্য হয়েই তারা জ্বালানি বিক্রি বন্ধের এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মালিক সমিতির নেতারা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উত্থাপিত দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত সিলেট বিভাগে তেল ও গ্যাস বিক্রি বন্ধের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে, হঠাৎ করে পাম্প বন্ধের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন যানবহনের চালক ও সাধারণ ভোক্তারা। জ্বালানি না পেলে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় জনমনে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে পাম্প মালিকদের এই ধর্মঘট এবং প্রশাসনের বিরুদ্ধে তোলা চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here