নরসিংদীতে এনএসআইয়ের তথ্যে বিপুল জ্বালানি তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

0
19
নরসিংদীতে এনএসআইয়ের তথ্যে বিপুল জ্বালানি তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

নরসিংদীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে জেলা প্রশাসন।

বুধবার (১ এপ্রিল) রাতে সদর উপজেলার পাঁচদোনা বাজার ও পাঁচদোনা মোড় এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ অকটেন, পেট্রোল ও ডিজেল উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ও খালিদ হাসান। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচদোনা বাজারের ‘হুমায়ুন এন্টারপ্রাইজ’ ও ডাংগা রোড এলাকার ‘আয়াজ এন্টারপ্রাইজে’ অভিযান চালানো হয়। অভিযানে হুমায়ুন এন্টারপ্রাইজে ২৭০ লিটার অকটেন ও ৭০০ লিটার ডিজেল এবং আয়াজ এন্টারপ্রাইজে ১ হাজার লিটার ডিজেল ও ২০০ লিটার অকটেন অবৈধভাবে মজুত অবস্থায় পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অপরাধে হুমায়ুন এন্টারপ্রাইজের মালিক হুমায়ুন কবিরকে ৪০ হাজার টাকা এবং আয়াজ এন্টারপ্রাইজের মালিক কাইয়ুমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জব্দকৃত জ্বালানি তেলের বিষয়ে আদালত নির্দেশ দেন যে, উদ্ধার করা তেল যেন জনসাধারণের কাছে খোলা বাজারে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। সে অনুযায়ী, হুমায়ুন এন্টারপ্রাইজের তেল বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয় এবং আয়াজ এন্টারপ্রাইজের তেল বিক্রির টাকা মালিককে বুঝিয়ে দেওয়া হয়।

জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here