আগামী জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বোর্ডের এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।
সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্ধারিত তিন মাসের মধ্যেই স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ গঠন করাই বর্তমান কমিটির লক্ষ্য।
গত বছরের অক্টোবরে বিসিবির সর্বশেষ নির্বাচন হলেও নানা জটিলতার পর চলতি মাসের ৭ এপ্রিল আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করে। ওই কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয় সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।
এডহক কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ৭ জুলাই। তবে তার আগেই নির্বাচন সম্পন্ন করে দায়িত্ব হস্তান্তর করতে চান তামিম। তিনি জানান, জুনের মাঝামাঝি সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বিসিবির বর্তমান অচলাবস্থা কাটিয়ে একটি কার্যকর ও স্থায়ী পরিচালনা পর্ষদ গঠনই এডহক কমিটির প্রধান লক্ষ্য বলে জানান তিনি।
উল্লেখ্য, আগের নির্বাচনে তামিমের নেতৃত্বে একটি প্যানেল মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ মুহূর্তে তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল। এবার এডহক কমিটির প্রধান হিসেবে থেকেই নির্বাচনের পথ সুগম করছেন তিনি।
নিউজিল্যান্ড সিরিজ চলাকালেই এ ঘোষণায় দেশের ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।