দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দর-এ ভিড়েছে জ্বালানিবাহী দুটি জাহাজ। বর্তমানে বন্দরের ডলফিন জেটিতে জাহাজ দুটি থেকে ডিজেল খালাসের কার্যক্রম চলছে।
সোমবার (২০ এপ্রিল) বন্দরে এসে পৌঁছায় জাহাজ দুটি। বন্দর সূত্রে জানা গেছে, প্রায় ৩৫ হাজার টন ডিজেলবাহী এমটি ওকট্রি এবং প্রায় ৩৩ হাজার টন ডিজেল নিয়ে আসা এমটি কেপ বনি থেকে জ্বালানি খালাস করা হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানিয়েছেন, নতুন করে আরও তিনটি জাহাজ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে।
এসব জাহাজের মধ্যে রয়েছে—প্রায় ৪১ হাজার টন ডিজেলবাহী এমটি লিয়ান সং হু, প্রায় ৩৩ হাজার টন ডিজেলবাহী এমটি প্যাসিফিক ইন্ডিগো এবং প্রায় ২৭ হাজার টন অকটেনবাহী এমটি নাভে চিয়েলো।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাহাজগুলো থেকে পর্যায়ক্রমে জ্বালানি খালাস করে দেশের বিভিন্ন ডিপোতে সরবরাহ করা হবে। এতে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।