শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

0
21
শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ডিগ্রি পরীক্ষা চলাকালে ১৪৪ ধারা ভঙ্গ করে হামলার ঘটনা ঘটেছে। এতে কলেজের অধ্যক্ষসহ অন্তত পাঁচজন শিক্ষক ও কর্মচারী আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। পরীক্ষাকেন্দ্র হিসেবে কলেজ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ছিল এবং নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কলেজে ঢুকে অধ্যক্ষের কক্ষে গিয়ে শিক্ষকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে তারা অতর্কিত হামলা চালায় এবং অফিস কক্ষে ভাঙচুর করে।

আহতদের মধ্যে রয়েছেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ আরও দুই কর্মচারী। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধ্যক্ষ ও এক নারী শিক্ষকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহতদের অভিযোগ, জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীর নেতৃত্বে ৪০-৫০ জন নেতাকর্মী এ হামলায় অংশ নেন। অধ্যক্ষ আব্দুর রাজ্জাক দাবি করেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন পক্ষ থেকে তার কাছে চাঁদা দাবি করা হচ্ছিল। প্রভাষক আলেয়া খাতুন হীরাও একই অভিযোগ করেন।

তবে স্থানীয় বিএনপির এক নেতা দাবি করেন, পূর্বের অনিয়মের হিসাব চাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় এবং শিক্ষক পক্ষ থেকেই প্রথমে হামলা করা হয়।

দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও কিছু ব্যক্তি কলেজে প্রবেশ করে হামলা চালায়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আকবর আলীকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here