ঢাকায় ২৪ ঘণ্টায় ৪১ মিলিমিটার বৃষ্টি, আজও ঝড়-বৃষ্টির আভাস

0
27
ঢাকায় ২৪ ঘণ্টায় ৪১ মিলিমিটার বৃষ্টি, আজও ঝড়-বৃষ্টির আভাস

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ধারাবাহিকতায় আজও ঢাকাসহ আশপাশের এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দমকা আকারে ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দেশের বিভিন্ন অঞ্চলেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে, যেখানে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলেও দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here