এইচএসসি ও সমমানের পরীক্ষার পর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়া সহজ করতে আবারও একক ভর্তি পরীক্ষা চালুর বিষয়টি সামনে এসেছে। একই সঙ্গে ২০২৭ সাল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি এগিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী জানান, সেশনজট কমাতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি এইচএসসি পরীক্ষাও ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে নেওয়ার চিন্তা রয়েছে। এতে জুন-জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করে দ্রুত বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।
বর্তমানে শিক্ষার্থীদের গুচ্ছ পদ্ধতির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পৃথক ভর্তি পরীক্ষায় অংশ নিতে হয়। এতে সময়, অর্থ ও মানসিক চাপ বেড়ে যায়। এই ভোগান্তি কমাতেই একক ভর্তি পরীক্ষার উদ্যোগ নিয়ে আলোচনা চলছে।
শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা করবে। শিক্ষামন্ত্রীর মতে, এইচএসসি পাসের পরপরই ভর্তি পরীক্ষা নেওয়া গেলে বিপুল সময় অপচয় রোধ করা সম্ভব হবে।
বর্তমানে ২০টির বেশি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলেও ঢাকা, বুয়েট, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এখনও আলাদা পরীক্ষা নিচ্ছে। কৃষি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোও আলাদা গুচ্ছ পদ্ধতি অনুসরণ করছে।
ইউজিসি জানিয়েছে, একক ভর্তি পরীক্ষা বাস্তবায়নের বিষয়ে আলোচনা চলছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।