নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষ: যুবদল কর্মী গুলিবিদ্ধসহ আহত ৮

0
26
নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষ: যুবদল কর্মী গুলিবিদ্ধসহ আহত ৮

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে পূর্ববিরোধের জেরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাকিল মাহমুদ (৩১) নামে যুবদলের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন এবং উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের তাহেরপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শাকিল ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী এবং স্থানীয় রামেশ্বপুর গ্রামের আলমগীরের ছেলে। সংঘর্ষে আহত অন্যদের মধ্যে রয়েছেন মো. আলাউদ্দিন, মহর আলী, মনোয়ারা বেগম, মাহফুজুর রহমান ও নাসরিন আক্তারসহ আরও কয়েকজন।

স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনের একটি মারধরের ঘটনাকে কেন্দ্র করে এই বিরোধের শুরু। গত সোমবার বিকেলে ছয়ানী বাজারে কৃষকদলের আনন্দ মিছিল চলাকালীন বিএনপি কর্মী মাহফুজ নীরবকে মারধর করে প্রতিপক্ষ গ্রুপের ইমন। এই ঘটনার জেরে রাতে ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আলাউদ্দিন দলীয় লোকজন নিয়ে তাহেরপুর এলাকায় গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

বিএনপি নেতা আলাউদ্দিনের দাবি, বিষয়টি মীমাংসা করতে গেলে জামায়াত ঘরানার হিসেবে পরিচিত মহর আলীর লোকজন তাদের ওপর হামলা চালায় এবং রাকিব নামে এক যুবকের গুলিতে শাকিল আহত হন। অন্যদিকে, অভিযুক্ত রাকিব এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, বিএনপি নেতার নিজের আগ্নেয়াস্ত্র থেকে ‘মিস ফায়ারের’ কারণে শাকিল গুলিবিদ্ধ হয়েছেন। ছয়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী এই ঘটনাকে জামায়াতের হামলা হিসেবে অভিহিত করলেও জেলা জামায়াতের সেক্রেটারি বোরহান উদ্দিন তা নাকচ করে দিয়েছেন। তার মতে, এটি বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং জামায়াতের কোনো নেতাকর্মী এতে জড়িত নয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here