বলিউডের জনপ্রিয় রোমান্টিক জুটি শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন আবারও ক্যামেরার সামনে। দ্বিতীয় সন্তানের মা হতে যাওয়ার খবরের মাঝেই দীপিকাকে দেখা গেল দক্ষিণ আফ্রিকার কেপটাউনে, শাহরুখ খানের আসন্ন চলচ্চিত্র ‘কিং’-এর শুটিং সেটে। সেখান থেকে ফাঁস হওয়া বেশ কিছু ছবি ও ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল।
কেপটাউনের মনোরম পরিবেশে একটি গানের দৃশ্য ধারণের সময় এই দুই তারকাকে ফ্রেমবন্দি করা হয়। ছবিতে দেখা যায়, দীপিকার পরনে ছিল একটি হালকা সাদা রঙের ফ্লোরাল ম্যাক্সি ড্রেস। তার সেই চিরচেনা ‘মিলিয়ন ডলার স্মাইল’ বরাবরের মতোই ভক্তদের নজর কেড়েছে। অন্যদিকে শাহরুখ খানকে দেখা গেছে সাদা-কালো স্ট্রাইপ শার্ট, সানগ্লাস আর গলায় একটি বিশেষ লকেটে, যেখানে তার লুক ছিল অত্যন্ত আকর্ষণীয়।
ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। একজন অনুরাগী মন্তব্য করেছেন যে, ছবিতে ফোকাস না থাকলেও দীপিকার উপস্থিতি এড়িয়ে যাওয়া অসম্ভব। অন্যদিকে, ৬০ বছর বয়সেও শাহরুখের চিরযৌবন লুক দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকের ধারণা, এটি সিনেমার একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য, যেখানে শাহরুখকে অনেকটা তরুণ রূপে দেখা যাবে।
দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং সম্প্রতি তাদের দ্বিতীয় সন্তানের আগমনের কথা ঘোষণা করেছেন। তাদের প্রথম কন্যা দুয়ার পর এই নতুন অতিথিকে ঘিরে পরিবারে খুশির জোয়ার বইছে। এই অবস্থায়ও দীপিকার পেশাদার প্রতিশ্রুতি রক্ষা করাকে সাধুবাদ জানাচ্ছেন সবাই।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি প্রায় ৩৫০ কোটি টাকা বাজেটে নির্মিত হচ্ছে। এই ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে তার কন্যা সুহানা খানকে। খলনায়কের চরিত্রে থাকছেন অভিষেক বচ্চন।
২০২৬ সালের ২৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। বলিউডে শাহরুখ-দীপিকা জুটির ‘ওম শান্তি ওম’ থেকে শুরু করে ‘পাঠান’ বা ‘জওয়ান’ পর্যন্ত সাফল্যের যে রেকর্ড, ‘কিং’ সিনেমাটি সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।