যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিরসন ও যুদ্ধ বন্ধের লক্ষ্যে নতুন করে ১৪ দফার একটি সংশোধিত প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো এই প্রস্তাবের মূল লক্ষ্য হলো সংঘাতের চূড়ান্ত অবসান। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
তাসনিম নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র এর আগে ৯ দফার একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, যার পাল্টা জবাব হিসেবে তেহরান এই ১৪ দফার প্রস্তাব পেশ করেছে। প্রস্তাবের অন্যতম প্রধান শর্ত হলো, ইরানের আশপাশের দেশগুলো থেকে মার্কিন সামরিক বাহিনীকে পুরোপুরি সরে যেতে হবে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করলেও তা থেকে ইতিবাচক কোনো ফলাফল আসবে কি না, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন।
প্রস্তাবটিতে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে। তাসনিম নিউজ জানিয়েছে, ওয়াশিংটন যেখানে দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, সেখানে ইরান মনে করছে বিদ্যমান সমস্যাগুলো ৩০ দিনের মধ্যেই সমাধানযোগ্য। দেশটি কেবল সাময়িক যুদ্ধবিরতির পরিবর্তে সংঘাত পুরোপুরি বন্ধের দিকেই বেশি মনোযোগ দিতে বলেছে। এছাড়া ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা, দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজ প্রণালিতে নতুন নিরাপত্তা ব্যবস্থা প্রবর্তন এবং ভবিষ্যতে মার্কিন আগ্রাসন চালানো হবে না—এমন গ্যারান্টি বা নিশ্চয়তা দাবি করেছে ইরান।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, তাদের এই নতুন প্রস্তাবের লক্ষ্য হলো যুদ্ধ বন্ধ করা। তিনি বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের কোর্টে বল ঠেলে দিয়ে বলেছেন, এখন ওয়াশিংটনকে সিদ্ধান্ত নিতে হবে তারা কূটনৈতিক পথে এগোবে, নাকি সহিংসতার পথ বেছে নেবে।