ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে নোয়াখালীতে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

0
27
ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে নোয়াখালীতে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক ছাত্রীর শ্লীলতাহানির মামলায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মুফতি আবুল খায়েরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে জেলা শহর মাইজদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবুল খায়ের সুবর্ণচরের চরজুবিলী ইউনিয়নের মধ্যবাগ্যা গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আগের মাসের ১৬ এপ্রিল দুপুরে মাদ্রাসার ওই ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা ঘটে। এ ঘটনায় বিচার চেয়ে ভুক্তভোগীর বাবা মোহাম্মদ রহিম নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে নালিশি অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে ওই শিক্ষার্থী ২২ ধারায় জবানবন্দি প্রদান করলে আদালত বিষয়টি আমলে নিয়ে চরজব্বর থানাকে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।

এদিকে মামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, মামলা করায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত শিক্ষকের অনুসারীরা ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। বাড়িতে হামলার সেই ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এই হামলার ঘটনায় নিরাপত্তা চেয়ে এবং জড়িতদের বিচারের দাবিতে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় আরও একটি পৃথক মামলা দায়ের করেছেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রীর শ্লীলতাহানির মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মুফতি আবুল খায়েরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই সঙ্গে ছাত্রীর বাড়িতে হামলার ঘটনার বিষয়েও তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here