কদমতলীতে বৈদ্যুতিক ত্রুটির কারণে ফোম কারখানায় আগুন, ফায়ার ফাইটার আহত

0
15
কদমতলীতে বৈদ্যুতিক ত্রুটির কারণে ফোম কারখানায় আগুন, ফায়ার ফাইটার আহত

রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকার একটি ফোম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় লাগা এই আগুন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এ ঘটনায় আগুন নেভানোর সময় অতিরিক্ত তাপে ফায়ার সার্ভিসের এক কর্মী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর কাঁচপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়। পরে আগুনের তীব্রতা বিবেচনায় আরও ইউনিট যোগ করা হয় এবং মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ঘটনাস্থলটি প্রধান সড়ক থেকে প্রায় ৫০০ গজ ভেতরে হওয়ায় শুরুতে কিছুটা বেগ পেতে হয়। তবে দ্রুত পুকুর থেকে পানি তুলে পাম্পের মাধ্যমে চারদিক থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। অবশেষে রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, পাশাপাশি দুটি আধা-পাকা ভবনে আগুন লাগে। এর মধ্যে একটি দ্রুত নিয়ন্ত্রণে এলেও অন্যটির টিনের চাল পুড়ে যাওয়ায় আগুন নেভাতে বেশি সময় লাগে। কারখানাটিতে পরিত্যক্ত ফোম রিসাইকেল করে ম্যাট্রেস তৈরি করা হতো। সেখানে দাহ্য পদার্থ, বিশেষ করে ফোম, কাপড় ও টায়ার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত। স্থানীয়ভাবে বিদ্যুৎ লাইনের সমস্যা থাকায় তা মেরামতের পর সংযোগ দেওয়া হলে কারখানার ভেতরের সার্কিটে আগুন ধরে যায় বলে কর্মীদের বরাতে জানিয়েছে ফায়ার সার্ভিস।

তবে সঠিক কৌশলে আগুন নিয়ন্ত্রণে আনায় পাশের আবাসিক ভবন বা দোকানে আগুন ছড়িয়ে পড়েনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here