শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

0
21
শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং পর্যায়ক্রমে দেশের জিডিপির ৫ শতাংশ এই খাতে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।

শনিবার (৯ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘চায়না-বাংলাদেশ এডুকেশন কো-অপারেশন ফোরাম-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেন। চীন দূতাবাস ও ‘চায়না-বাংলাদেশ এডুকেশন অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন’-এর যৌথ আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার সিলেবাস, কারিকুলাম ও একাডেমিক ক্যালেন্ডারে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। শিক্ষাব্যবস্থাকে আধুনিক করার পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকদের দক্ষতা উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে চীনের সঙ্গে যৌথ উদ্যোগে সাধারণ ও কারিগরি শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে ড. মিলন বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে, তাই তাদের সেই উপযোগী করে গড়ে তোলা প্রয়োজন। এছাড়াও বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে শিক্ষা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফোরামে শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক একটি প্রদর্শনীর উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. মামুন আহমেদ, বুয়েটের উপাচার্য ড. এবিএম বদরুজ্জামান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here