খাগড়াছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফের কালেক্টরসহ তিন সন্ত্রাসী আটক, উদ্ধার অস্ত্র

0
6
খাগড়াছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফের কালেক্টরসহ তিন সন্ত্রাসী আটক, উদ্ধার অস্ত্র

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে একটি বিশেষ সামরিক অভিযানে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের এক কালেক্টরসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। অভিযানে একজন সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৬ মে ২০২৫) দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের অধীনস্থ জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই বিশেষ অপারেশনে ইউপিডিএফ সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেনাবাহিনীও পাল্টা গুলি ছোড়ে। এ সময় সুইথোয়াই মারমা (৩৫) নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে ইউপিডিএফ কালেক্টর রনেল চাকমা ওরফে মন্টু চাকমাসহ তিনজনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রনেল চাকমা গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকার বাসিন্দা। অপর আটক রাজু মারমা ওরফে সাচিং (১৮)-এর বাড়ি রামগড় উপজেলার যৌথ খামার এলাকায়। গুলিবিদ্ধ সুইথোয়াই মারমার বাড়ি একই উপজেলার খেদা এলাকায়।

গোলাগুলিতে ডান কাঁধে গুলিবিদ্ধ সুইথোয়াই মারমাকে দ্রুত রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

অভিযানস্থল থেকে একটি একে-২২ রাইফেল, ৫ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়, যা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। আটক দুই ইউপিডিএফ সন্ত্রাসী এবং উদ্ধারকৃত অস্ত্র রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইদ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা বুদংছড়া এলাকায় অভিযানে গেলে ইউপিডিএফ সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পাল্টা গুলিতে একজন গুলিবিদ্ধ হয় এবং আরও দুই ইউপিডিএফ সদস্যকে আটক করা হয়।”

উল্লেখ্য, আটক দুইজনকে নিজেদের সদস্য বলে স্বীকার করেছে ইউপিডিএফ সূত্র।

দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে বিভিন্ন সশস্ত্র সংগঠনের তৎপরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। এই প্রেক্ষাপটে সেনাবাহিনীর এই অভিযান স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here