রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনই মূল লক্ষ্য: সিইসি

0
3
রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনই মূল লক্ষ্য: সিইসি

স্থানীয় সরকার নির্বাচন চ্যালেঞ্জিং হবে। এমনটাই জানাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলছেন, ‘ঐতিহাসিকভাবে স্থানীয় সরকার নির্বাচনে সংঘাতের ঘটনা বেশি। এই নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য।’

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের পূর্ণাঙ্গ প্রতিবেদন করে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (আনফ্রেল)। সেখানে কথা বলছিলেন সিইসি।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে উদ্বেগের কারণ ব্যাখ্যা করেন এ এম এম নাসির উদ্দিন। তুলে ধরেন অতীতের সহিংসতার তথ্য। বললেন, ‘সুশাসনের জন্য নাগরিকের (সুজন) তথ্য অনুযায়ী, ২০১৬ সালের স্থানীয় সরকার নির্বাচনে নিহত হন ২৩৬ জন। এ ছাড়া আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১৬ জন নিহত হন।’

তার ভাষ্য, ‘নির্বাচনে কোথায় কোথায় উন্নতি করতে হবে তা চিহ্নিত করছি আমরা।

‘নির্বাচন কমিশন দুটো জাতীয় নির্বাচন করতে পারে না। তারা একটা নির্বাচন করে বিদায় হয়ে যায়। নতুন কমিশন নতুন করে শুরু করে। তাই তাদের জন্য নির্বাচনের অভিজ্ঞতা রেখে দিতে চাই। আমাদের চ্যালেঞ্জগুলো কি ছিল, কোথায় উন্নতি করতে হবে? এগুলো প্রতিবেদনে উল্লেখ থাকবে’, যোগ করেন তিনি।

সিইসি স্পষ্ট করেন, ‘নির্বাচনের মূল অংশীজন সরকার। তাদের সহযোগিতা ছাড়া সম্ভব হয় না। কারণ সরকারের সব এজেন্সি আমরা কাজে লাগাই। পুলিশ, সেনাবাহিনী, প্রশাসনসহ সব সরকারের লোক। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে যে সহযোগিতা চেয়েছি, তারা দিয়েছিলেন। নির্বাচনের সফলতার জন্য তাদের অবদান আছে। গণতান্ত্রিক সরকারের সময়ে সে উদাহরণ আমরা সৃষ্টি করতে পারব।’

জাতীয় নির্বাচনে ঋণখেলাপিদের অংশগ্রহণের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান নির্বাচন কমিশনার। ‘সর্বোচ্চ আদালতে দুটি মামলা (চট্টগ্রাম-২ ও ৪ আসন) বিচারাধীন। তবে আমরা কারও প্রতি দয়া দেখাইনি।’

এ সময় উপস্থিত ছিলেন ইসি সচিব আখতার আহমেদ ও আয়োজন সংগঠনের কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here