মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে গুলি, বাবা-ছেলে আহত

0
2
মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে গুলি, বাবা-ছেলে আহত

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দিতে ব্যবসায়িক পূর্ব বিরোধের জেরে ঘরে ঢুকে গুলি ও কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এতে এক সৌদি প্রবাসী গুলিবিদ্ধ ও তার ছেলে কোপের আঘাতে আহত হয়েছেন।

সোমবার (১ জুন) মধ্যরাত আড়াইটার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সৌদি আরব প্রবাসী রফিকুল ইসলামকে (৩৫) রাতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহত রফিকুল ইসলামের ছেলে দিহান ইসলামকে (১২) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস জানান, রাত ৩টার দিকে হাত, পা ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় রফিকুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় পাঠানো হয়। একইসঙ্গে ১২ বছরের আরেক ছেলের শরীরের বিভিন্ন অংশে জখম রয়েছে। তাকেও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

রফিকুল ইসলামের স্ত্রী সঙ্গিতা বেগম জানান, রাতে আমরা ঘরে ঘুমিয়ে ছিলাম। এমন সময় বাইরে থেকে দরজা ভেঙে দুজন ঘরে ঢুকে পরে। বাইরে পাহারায় আরও দুজন ছিল। ঢুকেই তারা আমার স্বামীকে লক্ষ্য করে গুলি করতে থাকে। আমার স্বামীর বুকসহ একাধিক জায়গায় গুলি লাগে। তাদের উদ্দেশ্য ছিল আমার স্বামীকে মেরে ফেলা। আমার স্বামী তাদের নাম জানে, তবে অপারেশন থিয়েটারে থাকায় এখন বলতে পারতেছে না। আমার ছোট ছেলেকেও তারা রেহাই দেয়নি। চাপাতি দিয়ে কুপিয়েছে পায়ে।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, ব্যবসা সংক্রান্ত বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যাচ্ছি। বিস্তারিত পরে বলতে পারব। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here