বিহারের হাসপাতালে আগুন, নিহত ৪

0
2
বিহারের হাসপাতালে আগুন, নিহত ৪

ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুরে একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চার রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) ভোরে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধার অভিযান এখনও চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভোর প্রায় ৪টার দিকে মুজাফফরপুরের প্রসাদ হাসপাতালের পঞ্চম তলার আইসিইউতে আগুন লাগে। জরুরি ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনীর একাধিক ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি শুরু হয় রোগীদের সরিয়ে নেওয়ার অভিযান।

দমকল বিভাগের কর্মকর্তা রাম নিবাস পান্ডে জানান, আইসিইউ থেকে অন্তত ১৫ থেকে ২০ জন রোগীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে স্থানান্তরিত আরও দুজনের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

মুজাফফরপুরের জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার সেন জানিয়েছেন, আইসিইউতে প্রায় ১৩ জন রোগী ভর্তি ছিলেন। এছাড়া ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) ও অন্যান্য বিভাগেও বেশ কয়েকজন চিকিৎসাধীন ছিলেন। অগ্নিকাণ্ডের কারণ ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এই দুর্ঘটনার মাত্র একদিন আগে ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জন নিহত ও ২৬ জন আহত হন। ফলে দেশটিতে অগ্নি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

এনডিটিভির তথ্যমতে, বুধবার সকাল প্রায় ৮টা ৫০ মিনিটে দক্ষিণ দিল্লির মিকাসা ইন হোটেলের বেজমেন্টে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। সরু গলির মধ্যে অবস্থিত হোটেলটির বেজমেন্টে একটি রেস্তোরাঁ ছিল, সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ২৫ কক্ষবিশিষ্ট হোটেলটিতে ঘটনার সময় প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি নাগরিক ছিলেন, যারা চিকিৎসার উদ্দেশ্যে ভারতে এসেছিলেন।

এদিকে, বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি জানিয়েছে, দিল্লির ওই হোটেল অগ্নিকাণ্ডে অন্তত পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে তিনজন Max Super Specialty Hospital-এ এবং অপর দুজন Safdarjung Hospital-এ চিকিৎসাধীন রয়েছেন।

পরপর দুটি বড় অগ্নিকাণ্ডের ঘটনায় ভারতে হাসপাতাল ও আবাসিক হোটেলগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভবনগুলোর নিরাপত্তা মান ও জরুরি নির্গমন ব্যবস্থার কার্যকারিতা খতিয়ে দেখা জরুরি হয়ে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here