ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ-সিএনজি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

0
1
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ-সিএনজি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মাছভর্তি একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মা ও তার পাঁচ বছর বয়সী ছেলে রয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশাচালক মাহবুব (৪৫), যাত্রী জোসনা বেগম (৪০) এবং তার ছেলে আশরাফুল (৫)। আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার (৫০) ও মেয়ে আদিবা (৪)। তাদের বাড়ি কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাউসার তার স্ত্রী ও সন্তানদের নিয়ে কসবা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে সরাইল-বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন। পথে বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অটোরিকশাচালক মাহবুব, জোসনা বেগম ও তার ছেলে আশরাফুলকে মৃত ঘোষণা করেন। আহত কাউসার ও আদিবাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here