নতুন বোর্ড, নতুন দায়িত্ব: চূড়ান্ত বিসিবির স্ট্যান্ডিং কমিটি

0
2
নতুন বোর্ড, নতুন দায়িত্ব: চূড়ান্ত বিসিবির স্ট্যান্ডিং কমিটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ গঠনের পর এবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো দায়িত্ব বণ্টনের কার্যক্রম। গত রোববার অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ২৫ জন পরিচালক চূড়ান্ত হওয়ার পর সোমবার প্রথমবারের মতো নবগঠিত বোর্ডের সভায় বসেন সভাপতি তামিম ইকবাল। সেখানেই বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হয়েছে।

নির্বাচনে ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন প্রতিনিধি এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই সদস্যকে নিয়ে পূর্ণাঙ্গ বোর্ড গঠিত হয়েছিল। তবে নির্বাচনের পরদিনই একটি পরিবর্তন আসে। রাজশাহী অঞ্চল থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মীর শাকরুল আলম সীমান্ত ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে পদত্যাগ করায় বর্তমানে পরিচালকের সংখ্যা দাঁড়িয়েছে ২৪-এ।

নতুন বোর্ডের প্রথম সভায় দায়িত্ব বণ্টনে গুরুত্বপূর্ণ কয়েকটি কমিটি পেয়েছেন পরিচিত মুখরা। ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান করা হয়েছে ইসরাফিল খসরুকে। ক্রিকেটের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা। বয়সভিত্তিক ক্রিকেট কার্যক্রম তদারকির জন্য এইজ গ্রুপ কমিটির নেতৃত্বে আছেন মিনহাজুল আবেদিন নান্নু।

হাই পারফরম্যান্স (এইচপি) এবং গ্রাউন্ডস কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে শাহনিয়ান তানিমকে। মেডিকেল কমিটির চেয়ারম্যান হয়েছেন মাহবুব শামীম। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির দায়িত্ব পেয়েছেন আসিফ রব্বানী, আর অডিট কমিটির নেতৃত্বে রয়েছেন সাইদ বিন জামান সৌরভ।

এ ছাড়া লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ইয়াসির ফয়সাল। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)-এর নেতৃত্বে আছেন মঈন উদ্দিন চৌধুরি। নারী ক্রিকেটের কার্যক্রম দেখভালের জন্য উইমেন্স উইংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে রফিকুল ইসলাম বাবুকে। অন্যদিকে বোর্ড সভাপতি তামিম ইকবাল নিজেই নিজের কাছে রেখেছেন ফ্যাসিলিটিজ কমিটির দায়িত্ব।

কে কোন কমিটিতে

ফাইন্যান্স কমিটি-ইসরাফিল খসরু

গেম ডেভেলপমেন্ট-ফাহিম সিনহা

এইজ গ্রুপ কমিটি-মিনহাজুল আবেদিন নান্নু

হাই পারফরম্যান্স (এইচপি) এবং গ্রাউন্ডস কমিটি- শাহনিয়ান তানিম

মেডিকেল কমিটি- মাহবুব শামীম

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন- আসিফ রব্বানী

অডিট কমিটি- সাইদ বিন জামান সৌরভ

লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটি- ইয়াসির ফয়সাল

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিস (সিসিডিএম)- মঈন উদ্দিন চৌধুরি

উইমেন্স উইং- রফিকুল ইসলাম বাবু

ফ্যাসিলিটিজ- তামিম ইকবাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here