ভ্যাট প্রত্যাহার না করলে লাগাতার অবরোধের হুশিয়ারি দিয়েছে নতুনধারা বাংলাদেশ-এনডিবি। শেখ হাসিনার সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী-এমপি-আমলা-ব্যবসায়ীদের তালিকা প্রকাশ ও বৃদ্ধিকৃত শুল্ক প্রত্যাহারের দাবিতে এনডিবি সমাবেশ ও লাল কার্ড মিছিল করে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও লাল কার্ড মিছিল হয়।
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নতুন ধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, আইএফএমের ঋণ চুক্তি মেনে জনগণের রক্ত চোষার কারণে শেখ হাসিনা পালাতে ব্যর্থ হয়েছে, আপনারাও যদি দেশ ও জনতার বিপক্ষে অবস্থান নিয়ে ভ্যাট বাড়ানোর মত সিদ্ধান্ত একের পর এক নিতে থাকেন, পালানোর পথ খুঁজে পাবেন না। অনতিবিলম্বে ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ না করলে জনগণ বুঝে নেবে যে, জাতির সাথে প্রতারণা করছে ছাত্র-যুব-জনতার আন্দোলনে উঠে আসা অন্তর্বর্তীকালীন সরকার।
নতুন ধারার নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের বিরুদ্ধে যুদ্ধে নামার ইচ্ছে না থাকলে অনতিবিলম্বে ভ্যাট প্রত্যাহার করুন, হরতাল নিষিদ্ধ করুন, দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করুন, জনগণের পাশে থাকুন। তা না হলে শেখ হাসিনার মত করে পালানোর প্রস্তুতি নিন।

