যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইরান

0
2
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইরান

ইরানে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় দুই সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে চলমান লড়াইয়ের মধ্যেই এ প্রস্তাব দিয়েছে দেশটি। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির মাধ্যমে দেওয়া এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান।

শুক্রবার (২৪ জুলাই) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত ইরানি ও ইরাকি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানিয়েছে, সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পর তেহরান সফরকালে আল-জাইদি এ প্রস্তাব নিয়ে গিয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবটির বিস্তারিত জানা যায়নি। তবে ইরানি কর্মকর্তারা এটিকে বর্তমানে দেওয়া একমাত্র প্রস্তাব হিসেবে বর্ণনা করেছেন।

তারা জানিয়েছেন, তেহরান এটি প্রত্যাখ্যান করেছে। কারণ, এ প্রস্তাবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ-সংক্রান্ত সমস্যার কোনো সমাধান করা হয়নি।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বিষয়টি ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

গত মে মাসে দায়িত্ব গ্রহণের পর আল-জাইদির এটিই ছিল ইরানে প্রথম আনুষ্ঠানিক সফর। তিনি একটি উচ্চপর্যায়ের মন্ত্রীপর্যায়ের প্রতিনিধিদলের সাথে সফর করেন এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে সাক্ষাৎ করেন। উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ঘটনাবলি এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের প্রচেষ্টা নিয়ে আলোচনা করে।

ইরানি কর্মকর্তারা বলেছেন, বৈঠকে পূর্বে স্বাক্ষরিত চুক্তিগুলোর বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি উভয় সরকার বাণিজ্য, জ্বালানি, পরিবহন ও আঞ্চলিক বিষয়ে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানিয়েছে।

ইরানের গণমাধ্যম জানিয়েছে, আল-জাইদি ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথেও সাক্ষাৎ করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প যদি তেহরান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালান, তবে বৃহত্তর সংঘাতের সম্ভাবনা বিবেচনায় নিয়ে ইরানি কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন।

দুজন ইরানি কর্মকর্তার বরাতে পত্রিকাটি জানিয়েছে, এ ধরনের হামলা তেহরানকে আঞ্চলিকভাবে যুদ্ধ সম্প্রসারণে প্ররোচিত করবে। এর মধ্যে তেল আবিবকে লক্ষ্যবস্তু করা এবং ইয়েমেনের হুথি গোষ্ঠীকে বাব আল-মান্দাব প্রণালি বন্ধ করে দিতে বলাও অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মার্কিন বাহিনী শুক্রবার ভোরে টানা ১৩তম রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

বুধবার ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান মার্কিন হামলায় নিহতের সংখ্যা ৫৩ জনে পৌঁছেছে। একই সময়ে আরও অন্তত ৫৯২ জন আহত হয়েছেন।

সূত্র: নিউইয়র্ক টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here